চট্টগ্রাম নগরীর অন্যতম আলোচিত এলাকা খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড। মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজির আখড়া হিসেবে পরিচিত এই এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ও তার অনুসারীরা। গত ৫ আগস্টের পর তাদের বেপরোয়া কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ।
তবে গত আগস্টে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবদুর রহিম দায়িত্ব নেওয়ার পরই পাল্টাতে শুরু করে এখানকার চিত্র। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসা ও ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াকিল হোসেন বগাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে আহত হন ছয় পুলিশ সদস্য।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আগের পুলিশ প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রকাশ্যেই ঘুরে বেড়াত বগা। তবে বর্তমান ওসির কঠোর ভূমিকার কারণে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সম্প্রতি এক কলেজ শিক্ষককে মারধরের মামলায় বগাকে আসামি করা হলেও তা নিয়ে রয়েছে নানা আলোচনা।
অভিযোগের বিষয়ে খুলশী থানার ওসি আবদুর রহিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যথাযথ তদন্ত ও নিয়ম মেনেই মামলা নেওয়া হয়েছে। আইনের বাইরে কাউকেই ছাড় দেওয়া হবে না।
খুলশী এলাকার সাধারণ মানুষের এখন একটাই প্রত্যাশা—কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের তোয়াক্কা না করে অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকুক এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসুক।




















