পাহাড়ের জনপ্রিয় পর্যটন রুট সাজেকসহ সকল রুটে চলাচলকারী গাড়ি চালকদের জন্য কঠোর বার্তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে মাদকদ্রব্য সেবন ও বহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সংগঠনটি।
সম্প্রতি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনো চালক মাদকদ্রব্য সেবন, বহন, পরিবহন কিংবা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সময় প্রশাসনের আইনানুগ ব্যবস্থার শিকার হলে, তার দায়-দায়িত্ব ইউনিয়ন গ্রহণ করবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কোনো চালকের পক্ষে সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশ, তদবির বা আইনি সহযোগিতা প্রদান করা হবে না।
পরিবহন শ্রমিকদের পেশাগত মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, নির্দেশ অমান্য করে কেউ মাদক ব্যবসার সাথে যুক্ত থাকলে বা মাদক সেবন করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি অভ্যন্তরীণ সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি চালকদের এমন কঠোর সতর্কবার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




















