রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মদ, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামসহ প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী অভিযানে বড় ধরণের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের একটি দল দুর্গম বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানা উদ্ঘাটন করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
জব্দকৃত সরঞ্জাম : ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম ও ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম, ৩০ লিটার তৈরি দেশীয় মদ এবং প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির কাঁচামাল।
অভিযান টের পেয়ে কারখানার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জব্দ করা মদ ও সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুর্গম পাহাড়ে মাদক নির্মূলে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




















