রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের এই অভিযানে ডাকাতি, চুরি, মাদক ব্যবসা ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌর এলাকাজুড়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে—ডাকাতি মামলার আসামি: কর্মচারী কলোনির মো. ফজল করিম (৩৬),চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে: মিরাজুল ইসলাম রনি (২৬),সিআর পরোয়ানাভুক্ত আসামি: মিরাজ মিয়া (৪৭), মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে: বাবু চাকমা, অমর বিকাশ চাকমা, মো. নুরুল আলম, নান্টু কুমার রুদ্র, মিজান উদ্দিন চৌধুরী, পাঞ্জু মল্লিক, প্রিয় জীবন চাকমা ও পুলক দেব।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে রাঙামাটি জুড়ে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অন্যদিকে, কোতোয়ালী থানার ওসি মো. জসীমউদ্দীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রাঙামাটিকে নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।




















