অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড়ধসের ক্ষত এখনো তাজা রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে। এমন দুর্যোগের কবলে পড়ে সর্বস্ব হারানো ৫শ’ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
সোমবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে ফারুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্গম এই জনপদে ত্রাণ পৌঁছানোর ফলে চরম স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় তিনি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় সুফলভোগীরা জানান, পাহাড়ি ঢলে তাদের ঘরবাড়ি ও জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই দুর্দিনে এমন সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে আরও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্নেল মো. আলমগীর, রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল এবং সহকারী পরিচালক শফিউল আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এর আগে, বিলাইছড়িতে পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।




















