খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি জনপদে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আরও একটি প্রশংসনীয় মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলার ১ নম্বর লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শুকনাছড়ি এলাকায় শিক্ষার্থীদের সুপেয় পানির তীব্র সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে কোনো সুপেয় পানির ব্যবস্থা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
স্থানীয়দের এই সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করা হয়।
এদিকে পানির সুব্যবস্থার পাশাপাশি একই এলাকার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বহুগুণ বেড়ে গেছে।
ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে গভীর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন মানবিক সহায়তা পাওয়ায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















