খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে একটি মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়কে সামনে রেখে এই সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল নেহাত ফয়সাল, পিএসসি, জি।
সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদ খাঁন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম এবং গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জয়নাল আবেদীনসহ দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা প্রধান অতিথির সামনে এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সড়ক দুর্ঘটনা রোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, অপরিকল্পিত পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, খালের ওপর সাঁকো নির্মাণ, কাঠ পাচার রোধ এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখাসহ গুইমারা ও মানিকছড়ি উপজেলায় ফায়ারসার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানানো হয়।
পাশাপাশি মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূল, খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন প্রতিরোধ, বিদ্যুৎ ও নেটওয়ার্কের দুর্ভোগ দূরীকরণ এবং সন্ত্রাস দমনের মাধ্যমে পার্বত্যবাসীর মানবাধিকার সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়।



















