দেশের স্বাস্থ্যসেবায় বড় ধরণের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ীই এই কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।
নতুন এই নির্দেশনায় কেবল নতুন প্রতিষ্ঠান স্থাপনই নিষিদ্ধ করা হয়নি, বরং আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার মধ্যে বর্তমানে যেসব বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে, সেগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
এই নির্দেশ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অননুমোদিত ও অনিয়ন্ত্রিত ক্লিনিক ব্যবসার দৌরাত্ম্য কমবে এবং সাধারণ রোগীরা উন্নত ও হয়রানিমুক্ত সরকারি সেবা পেতে আরও বেশি উৎসাহিত হবেন।













