পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর; পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৭ জন প্রতিনিধিদের সাথে মতবিনিময়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিভিন্ন দপ্তর ও স্থানীয় স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি), আনসার-ভিডিপি কর্মকর্তা এবং লক্ষ্মীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এছাড়া স্থানীয় হেডম্যান, কারবারি, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিতসহ সংশিষ্ট ১৭ জন প্রতিনিধি এতে অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, জরুরি যে কোনো পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পূজা চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপস্থিত সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সুরক্ষার ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব আনন্দ ও নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাব।
সমন্বয় সভাটির মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে ব্যাপক উদ্দীপনা ও স্বস্তি দেখা গেছে।















