ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের আবহে রাঙামাটির নানিয়ারচরে অনুষ্ঠিত হয়ে গেল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবরদান’।
শুক্রবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে ৫ম বারের মতো আয়োজিত হয় এই উৎসব। সকালে প্রথমার্ধের অনুষ্ঠানে প্রধান ধর্মগুরু হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির।
নির্বাণ লাভের আশায় সকাল থেকেই কুটির প্রাঙ্গণে সমবেত হন হাজারো দায়ক-দায়িকাগণ। দিনব্যাপী অনুষ্ঠানে সুতা কাটা, কাপড় বোনা থেকে শুরু করে ঐতিহ্যবাহী উপায়ে চীবর তৈরির মধ্য দিয়ে ভক্তরা অংশ নেন নানাবিধ দানানুষ্ঠানে। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয়াংশে পুণ্যার্থীরা পরম শ্রদ্ধায় বৌদ্ধ ভিক্ষু সংঘের হাতে প্রস্তুতকৃত চীবর তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান উপাসক হিসেবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী স্বপন দেওয়ান, বিশেষ উপাসক ইঞ্জিনিয়ার প্রতু বড়ুয়া পলাশ, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই পবিত্র উৎসব।












