রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী, মাদক কারবারি ও চোর চক্রের সক্রিয় সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে থানা পুলিশের আভিযানিক দল অপরাধীদের পাকড়াও করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চোরাই বৈদ্যুতিক তার ও লোহা কাটার সরঞ্জামসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নুরুল ইসলাম (৩৮) এবং মোঃ ওসমান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের রুপালি রঙের ৩ বান্ডেল বৈদ্যুতিক তার (ওজন ৮০ কেজি) এবং একটি লোহা কাটার ফ্রেমসহ ব্লেড উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রিপন বড়ুয়া (৪০), মোঃ সোহেল (৩০) ও মোঃ রুবেলকে (৩০) মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নাইম আল মাহামুদ সাকিন (১৯) এবং ওয়াহেদ খান সামির (১৮) নামের আরও দুই তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।















