রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ সোমবার (৩০ মার্চ) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পুলিশ সদস্যদের অভাব-অভিযোগ শোনা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কৃত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এসপি অত্যন্ত গুরুত্বের সাথে সবার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পুলিশ সদস্যদের পোশাকের পরিপাটি ভাব, নৈতিকতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা অনুসরণের ওপর কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন:আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বাহিনীর মানোন্নয়নে সততা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
গত মাসে রাঙ্গামাটি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কার প্রদানের মূল লক্ষ্য হলো পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা এবং কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি করা।
সভায় উপস্থিত কর্মকর্তারা মনে করছেন, এই ধরণের নিয়মিত কল্যাণ সভা এবং কাজের স্বীকৃতি বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 
















