পার্বত্য জনপদের সাম্প্রদায়িক সম্প্রীতি আর বাঙালির শাশ্বত ঐতিহ্যের আবহে খাগড়াছড়ির রামগড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র্যালি পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি করে।
সকাল থেকেই রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে রঙিন ব্যানার, ফেস্টুন আর লোকজ সাজে সজ্জিত হয়ে বের করা হয় বর্ষবরণ র্যালি। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এসময় ছোট-বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রামগড়কে এক টুকরো লাল-সাদা উৎসবে পরিণত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। এসময় আরও উপস্থিত ছিলেন-মোঃ জসিম উদ্দিন, সভাপতি, রামগড় উপজেলা বিএনপি।মোঃ বাহার উদ্দিন, সভাপতি, পৌর বিএনপি।নাজির আলম, অফিসার ইনচার্জ (ওসি), রামগড় থানা।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে শরিক হন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার ধারক। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে বাংলা নববর্ষের এই মিলনমেলা রামগড়বাসীর মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক,রামগড় 

















