সারাদেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলাতেও আগামী ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন অফিস আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও প্রস্তুতি তুলে ধরে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন রাঙ্গামাটি জেলার ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র শিশুর অন্ধত্বই প্রতিরোধ করে না, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে জেলার প্রতিটি দুর্গম অঞ্চলেও টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
বক্তারা দুর্গম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকসহ সকল স্তরের মানুষকে সচেতন করার আহ্বান জানান এবং নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করেন।অনুষ্ঠানে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশব্যাপী একযোগে বাস্তবায়িত হচ্ছে।



















