দুর্গম পাহাড়ে জরুরি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জীবনহানির ঝুঁকি কমাতে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুছড়ি জোনের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে গুইমারা সরকারি কলেজের হল রুমে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণীকে নিয়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল।
উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রেই অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী, জোনের আরএমও ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব, কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শোভন দত্তসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশিক্ষিত এই তরুণীরা পরবর্তীতে নিজ নিজ এলাকার দুর্গম জনপদে জরুরি স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।




















