খাগড়াছড়ির মানিকছড়িতে যাত্রীবাহী শান্তি পরিবহন এবং একটি প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়দের সাহয়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে মানিকছড়ির তিনটহরী ভূঁইয়া কিন্ডারগার্টেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে শান্তি পরিবহন ও কাভার্ড ভ্যানটি তিনটহরী ভূঁইয়া কিন্ডারগার্টেন এলাকায় পৌঁছালে উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় গাড়ির ভেতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।




















