রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
আজ রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী।
দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন,মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী এবং উপজেলার উদীয়মান মৎস্যচাষীরা এতে অংশ নেন।
উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী উদযাপিত এই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।




















