পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া।
মানিকছড়িতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা এবং স্বাস্থ্যগত সহনশীলতা উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে “Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
নিয়মিত তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর উসুইহলা মারমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। MUAC স্ক্রিনিং, তথ্য সংগ্রহ প্রক্রিয়া এবং দুর্গম এলাকায় কার্যক্রম বাস্তবায়নের নানা দিক নিয়ে অংশগ্রহণকারীরা মূল্যবান মতামত ও পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলমের সভাপতিত্বে বা উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, কার্বারি এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।




















