আসন্ন কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন হাওয়া বইছে। এলাকার উন্নয়ন, সততা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোর ইচ্ছা প্রকাশ করেছেন শিলছড়ি এলাকার কৃতি সন্তান, তরুণ প্রবাসী ও সমাজসেবক মো. মাইনুল ইসলাম ফাহাদ।
দীর্ঘ ১০ বছর ধরে বৈধ পথে প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখার পর, এবার সরাসরি নিজ জন্মভূমির মানুষের ভাগ্যোন্নয়নে মাঠে নামতে চান তিনি।
ইউনিয়নবাসীর জীবনমান বদলাতে এক সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী। তাঁর পরিকল্পনাগুলোর মধ্যে প্রধান কয়েকটি খাত নিচে তুলে ধরা হলো—জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, এবং ওয়ারিশ সনদ প্রদানের মতো জরুরি সেবাগুলো সম্পূর্ণ হয়রানি ও ঘুষমুক্ত করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কাঁচা রাস্তাঘাট সংস্কার, কালভার্ট ও সেতু নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সহ সকল সরকারি সুযোগ-সুবিধা এবং ভিজিডি-ভিজিএফের ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দুস্থদের অধিকার নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, সুপেয় পানির সুব্যবস্থা এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করে স্থানীয় ছোটখাটো বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুকের মতো অভিশাপ দূর করতে কঠোর জনসচেতনতা গড়ে তোলা, পাহাড়ধস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়াতে কার্যকর টিম গঠন এবং বৃক্ষরোপণ ও হাট-বাজারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া।
দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে ওয়াগ্গা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মো. মাইনুল ইসলাম ফাহাদ।



















