মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতকরণ, দীর্ঘদিন স্থগিত থাকা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাসহ ৮ দফা দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে ‘কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটি পার্বত্য জেলা’।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে কোটা বিরোধী ঐক্যজোটের সদস্য সচিব মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি, ইব্রাহীম রুবেল, মো. শরিফ, মো. আশরাফুল এবং সদস্য মো. আল আমিন, মো. রায়ন চৌধুরী শুভ, মো. দেলাওয়ার ও মো. আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য জেলা পরিষদের অধীন বিভিন্ন পদে নিয়োগের দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করে আইন, সরকারি প্রজ্ঞাপন এবং যোগ্যতার ভিত্তিতে একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। স্মারকলিপিতে মূলত গত ৭ জুলাই ২০২৬ তারিখের আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের আলোকে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা বাস্তবায়নের দাবি জানানো হয়।
এছাড়া, দীর্ঘসূত্রতার কারণে যেসব বৈধ আবেদনকারীর বয়সসীমা অতিক্রম করার উপক্রম হয়েছে, তাদের যাতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা না হয়—এমন একটি গুরুত্বপূর্ণ দাবিও মৌখিকভাবে উত্থাপন করা হয়।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
কোটা বিরোধী ঐক্যজোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সহযোগিতায় খুব দ্রুতই এই দাবিগুলো বাস্তবায়িত হবে এবং সব প্রার্থীর জন্য একটি ন্যায়সংগত ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে।



















