খাগড়াছড়ির গুইমারায় বাঙালি ও অ-বাঙালি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগ এবং বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
এবারের ক্যাম্পেইনের অন্যতম বড় আকর্ষণ ছিল—সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সদের একটি দলের সক্রিয় অংশগ্রহণ। নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা চিকিৎসকদের সহায়তা করেন এবং সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্থানীয় তরুণীদের এমন উদ্যোগে দারুণ সাড়া মিলেছে এলাকাবাসীর মাঝে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। খুব শীঘ্রই চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে একটি ফ্রি চক্ষু ক্যাম্প এবং পরবর্তীতে আরও বড় পরিসরে বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর।



















