খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে খালের ওপর একটি নতুন বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে, যা এলাকাবাসীর দৈনন্দিন জীবনে এনে দিয়েছে স্বস্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুল্যাতলী ইউনিয়নের ওই পাহাড়ি জনপদে প্রায় ৩০০ মানুষ বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এতদিন তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পানির ছড়া বা খাল পার হয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি ঢলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এই ভোগান্তি চরমে পৌঁছাত। সবচেয়ে বেশি বিপাকে পড়ত দুল্যাতলী হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের দীর্ঘদিনের এই কষ্টের কথা বিবেচনা করে দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়। এর ফলে এখন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ খুব সহজেই নিরাপদে চলাচল করতে পারছেন।
এ বিষয়ে দুল্যাতলী ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এখন স্কুলপড়ুয়া ছেলে-মেয়ে এবং জরুরি প্রয়োজনে বাজার বা দপ্তরে যাতায়াতকারীদের আর কষ্ট করে পানি পেরিয়ে আসতে হবে না।
স্থানীয় দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি মহতি উদ্যোগ। পাহাড়ের মানুষগুলো অনেক কষ্ট করে যাতায়াত করে। সেনাবাহিনী নিজ উদ্যোগে এই সাঁকোটি তৈরি করে দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে।



















