“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬।
আজ রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ এবং উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি.-এর মো. ইসমাইল হোসেন সওদাগর এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন। মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইনের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় কাঠ ব্যবসায়ী সমিতি, হিলবুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সিএনজি মালিক সমবায় সমিতি এবং ক্যায়াংঘাট পানি উন্নয়ন বোর্ড সমবায় সমিতি লি.-এর নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সমিতির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে, নিজ নিজ ক্ষেত্রে অবদান ও সফল কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সমবায় সমিতিকে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



















