রাঙামাটির কাপ্তাইয়ে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ চার মাস ধরে চাঁদাবাজি করার অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের ‘মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদার টাকা তুলতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান গত চার মাস ধরে ওই দোকান থেকে নিয়মিত প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। সে হিসাবে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গত মঙ্গলবার আবারও দোকানে গিয়ে টাকা দাবি করলে দোকানমালিকের মনে সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে বিষয়টি চন্দ্রঘোনা থানাকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার পরিচয় যাচাই-বাছাই করে। পরে ভুয়া এনএসআই সদস্য হিসেবে তার প্রতারণা প্রমাণিত হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক সাইদুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতা মোছা. ছকিনা বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার রোজারহাট হলেও স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

















