পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিয়মিতভাবে মানবিক ও কল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় স্থানীয় শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি খেলাধুলা উৎসাহিত করতে ০২টি ফুটবল ও ০১ সেট গোলপোস্টের নেট প্রদান করা হয়।
এছাড়া, প্রত্যন্ত এই জনপদের রাতের অন্ধকার দূর করতে এবং স্থানীয় জনগণের নিরবচ্ছিন্ন আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়ায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাঙালি ও অ-বাঙালি সর্বস্তরের জনসাধারণ গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও জননিরাপত্তা বিধানের পাশাপাশি সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগ বেসামরিক ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের মনে সেনাবাহিনীর প্রতি আস্থা বাড়াতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

















