ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘সত্যবুদ্ধ মেলা’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের পর থেকেই বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ।
মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। তিনি মং রাজবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়।
মেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় বাঙালি, মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটেছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে পুরো এলাকা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মং সার্কেলের পঞ্চম রাজা মংপ্রু সাইন বাহাদুর গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া একটি বুদ্ধমূর্তি মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।
দিনব্যাপী আয়োজনে হাজারো পুণ্যার্থী বিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলাকে কেন্দ্র করে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও।
মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধর্ম ও ঐতিহ্যের প্রতি মানুষের এখনো অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পুণ্যার্থীরা মেলা উপভোগের পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।
এদিকে, মেলাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মেলার কার্যক্রম শেষ হয়েছে।

















