জাল টাকার মামলায় জামিনে বেরিয়ে নানা প্রতারণায় জড়ানোর অভিযোগ; ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবার থানায় অভিযোগও ছিল আগে
রাঙামাটির কাপ্তাইয়ে ১০ গ্রাম গাঁজাসহ মোতালেব হোসেন প্রকাশ সুমন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে প্রতারণার মাধ্যমে মোবাইল রিচার্জ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। পরদিন শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কাপ্তাই নতুন বাজারের ‘মানচিত্র টেলিকম’ নামের একটি দোকান থেকে কৌশলে ৩৫ হাজার টাকার মোবাইল রিচার্জ (লোড) নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন সুমন। এ সময় বিষয়টি জানাজানি হলে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মোতালেব হোসেন সুমন কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল কাদের; তিনি কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগে তার বিরুদ্ধে জাল টাকার মামলাও ছিল। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে দাবি স্থানীয়দের।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় এক সপ্তাহ আগেই কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করেছিলেন তার বাবা আব্দুল কাদের।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সুমনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।















