রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসবমুখর কর্মসূচি চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা। এ সময় আরও বক্তব্য দেন উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ললিত মোহন ত্রিপুরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর হোসেন, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় মৎস্যজীবীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।
দেশের মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে চাষিদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ আগস্ট মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় গুইমারা বাজারে মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়া সমাপনী দিন ১৮ আগস্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে এবারের মৎস্য পক্ষের কার্যক্রম।




















