চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা থেকে হারিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
হারিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে আইফোন উদ্ধার! চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের এমন দক্ষতায় রীতিমতো অবাক হয়েছেন এক জাপানি নাগরিক।
গত মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কেনাকাটার জন্য নগরের ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় গিয়েছিলেন জাপানের নাগরিক মুরোহাশি হিরোকাজু। কেনাকাটার এক পর্যায়ে তাঁর শখের আইফোন ১৬ হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি কোতোয়ালী থানা-পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কোতোয়ালী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূরের দিকনির্দেশনায় মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। নিউ মার্কেট এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক সহায়তা নিয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ফোনটি উদ্ধার করে পুলিশ।
হারিয়ে যাওয়া ফোনটি অক্ষত অবস্থায় হাতে পাওয়ার পর বিস্ময় প্রকাশ করেন জাপানি নাগরিক মুরোহাশি হিরোকাজু। উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন— “How good! I’m surprised!” এ সময় তিনি দ্রুত সেবা প্রদান করায় বাংলাদেশ পুলিশ ও কোতোয়ালী থানার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, নাগরিকদের সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া পুলিশের নিয়মিত কাজের অংশ। নগরে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের হারানো জিনিসপত্র উদ্ধার করতে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















