পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ কারিগরি প্রশিক্ষণ। আজ সকালে রামসুবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই সপ্তাহব্যাপী “ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ওয়ার্কশপ”।
পাহাড়ি ও বাঙালি যুবকদের মাঝে সম্প্রীতি ও স্বাবলম্বী হওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই কোর্সে স্থানীয় বিভিন্ন এলাকার মোট ১০ জন তরুণ অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবকদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের মোটরযান মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। দুর্গম এলাকার যুবসমাজকে কর্মমুখী করে তুলতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।




















