সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পবিত্রতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনসার সদস্য।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০:১৫ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ইয়াবা ও গাঁজা সেবনকালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্য এনামুল হুদা (আইডি নং-৬০০২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গোপনে মাদক সেবনের চেষ্টা করছিল দুই ব্যক্তি। বিষয়টি নজরে আসামাত্রই নিজের দায়িত্ব ও সতর্কতার পরিচয় দিয়ে আনসার সদস্য এনামুল হুদা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।
পরবর্তীতে বিষয়টি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা শেষে অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে আটককৃত দুই ব্যক্তিকে উপযুক্ত মেয়াদে সাজা প্রদান করা হয়।
হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় মাদক সেবনের মতো অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার সদস্য এনামুল হুদার এই তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কর্তব্যরত আনসার সদস্যদের এমন তৎপরতা সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাসহ মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে।















