রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন-২০২৬ এর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক প্রার্থী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের কার্যালয়ে শুরু হয় এই মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম। প্রথম দিনে পঞ্চায়েত প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিশির রায়। তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা নিতাইয়ের ছেলে এবং সংশ্লিষ্ট চা-বাগানের একজন কর্মরত শ্রমিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়নের অধীনে বর্তমানে মোট ৬৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ২৬ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্ধারিত বিধিমালা মেনে মনোনয়ন ফরম যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর আগামী ২৮ নভেম্বর কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের চা-বাগান শ্রমিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত এই পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন।
কাপ্তাই ছাড়াও একই দিনে রাঙ্গুনিয়া, বাঁশখালী ও ফটিকছড়ি এলাকায় সংশ্লিষ্ট চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিনেই প্রার্থীর সরব উপস্থিতি এবং ফরম সংগ্রহের মধ্য দিয়ে চা-শ্রমিকদের মাঝে নির্বাচন ঘিরে বাড়তি উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনটি সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।















