তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারে আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। দীর্ঘদিন পর নিজের প্রিয় ও প্রয়োজনীয় হ্যান্ডসেটটি ফেরত পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ হস্তান্তর অনুষ্ঠানে এসব উদ্ধারকৃত ফোন তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা জিডি ও অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে সাইবার ক্রাইম মনিটরিং সেল। বিশেষ প্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ৫১টি হারানো ফোন উদ্ধার করতে সক্ষম হন সেল-এর দক্ষ সদস্যরা।
নিজের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে এক ভুক্তভোগী আবেগপ্লুত হয়ে বলেন, আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ যে এভাবে আমার ফোনটা খুঁজে এনে দেবে ভাবতেই পারিনি। জেলা পুলিশের এই উদ্যোগে আমরা সত্যিই কৃতজ্ঞ।
উদ্ধারকৃত ফোন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ. এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙ্গামাটি জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও সাইবার সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















