পাহাড়ের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ফের বড় ধরণের সাফল্য পেলো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম রানাসাবা পাড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং চাঁদাবাজি আদায়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাঘাইহাট সেনা জোন।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সাজেকের রানাসাবা পাড়ায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বাঘাইহাট সেনা জোনের একটি টহল দল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জোনের জোরালো তৎপরতার মুখে তাদের আস্তানা থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ চাঁদা আদায়ের রসিদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাজেক এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সেনাবাহিনীর এই সাড়াঁশি অভিঝানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা রুখে দিতে সাজেকসহ পুরো পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর এমন কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



















