‘পুলিশ জনগণের বন্ধু’—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ইতিবাচক আস্থা অর্জন করেছেন।
বিমানবন্দর ও সমুদ্রসৈকতে বিশেষ নজরদারি
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সমাগম ঘটে।
এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পতেঙ্গা সমুদ্রসৈকত ও আশপাশের এলাকাকে নিরবচ্ছিন্ন মনিটরিংয়ের আওতায় এনেছেন ওসি পারভেজ আলী। পাশাপাশি বাজার তদারকি ও জনস্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন অভিযানেও সক্রিয় সহযোগিতা করছে পতেঙ্গা থানা পুলিশ।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পতেঙ্গা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি নির্মূলে কঠোর ভূমিকা পালন করছেন তিনি। বিশেষ করে কিশোর গ্যাং কালচার ও কিশোর অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে নিয়মিত ‘পুলিশি উঠান বৈঠক’ ও সচেতনতামূলক তৎপরতা জোরদার করা হয়েছে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের ফলে পুলিশের প্রতি সাধারণ মানুষের ভীতি দূর হয়ে আস্থা বাড়ছে।
এলাকাবাসীর মতে, একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য কেবল অপরাধী গ্রেপ্তারে নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করায়। ওসি পারভেজ আলীর নেতৃত্বে পতেঙ্গা থানার অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত পতেঙ্গা গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সার্বিক বিষয়ে ওসি পারভেজ আলী গণমাধ্যমকে বলেন, “পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের আইনি সহায়তা পাওয়ার পথ সহজ করাই আমাদের লক্ষ্য।
তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, মাদক ও কিশোর অপরাধ রোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়েই জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।



















