পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কেবল নিরাপত্তাই নয়, আর্থসামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে ছাগল, হাঁস ও মুরগি।
রবিবার শুরু হওয়া এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহালছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক বাঙালি ও অ-বাঙালী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের কলাকৌশল, রোগবালাই প্রতিরোধ এবং এর মাধ্যমে কীভাবে ক্ষুদ্র খামার গড়ে তুলে পারিবারিক আয় বৃদ্ধি করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে আত্মকর্মসংস্থানের উপকরণ হিসেবে ছাগল, হাঁস ও মুরগি তুলে দেন মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন আজিমুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, কেবল প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করেনি সেনাবাহিনী, বরং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যেন অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে আয় শুরু করতে পারেন, সেজন্যই এই প্রাণিসম্পদ উপহার দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে বেকারত্ব হ্রাসের পাশাপাশি প্রান্তিক পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির নতুন দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তাসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এ ধরনের সময়োপযোগী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।















