রাঙ্গামাটি শহরের কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজ থেকে মাদক ও অনৈতিক কার্যকলাপ নির্মূলে পুলিশের এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রিজার্ভ বাজারসহ রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদক সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন; মোঃ রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মোঃ শাহ আলম (৩৭), মোঃ আলমগীর (৩০), মোঃ রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) এবং মোঃ ইউসুফ (২৩)।
অভিযানের অংশ হিসেবে রিজার্ভ বাজার এলাকার কয়েকটি আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়।
শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস নামক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনপিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), মোছাঃ রিমি (১৯) এবং মোঃ ইব্রাহিম (৪৬)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এব্যাপারে এলাকাবাসী বলেন,এ ধরনের অভিযান যদি নিয়মিতভাবে পরিচালিত না হয়, তাহলে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে, তাই এগুলো নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান অত্যন্ত জরুরি।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 
















