পার্বত্য জেলার খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এক অসহায় অ-বাঙ্গালী (পাহাড়ি) পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষ্মীছড়ি জোনের) মানবিক উদ্যোগে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে ক্ষতিগ্রস্ত রিমন চাকমার বসতঘর।
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়ার বাসিন্দা রিমন চাকমার কাঁচা ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারটি চরম দুর্দশার মুখে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
দুর্ভোগের এই বিষয়টি দ্রুত লক্ষ্মীছড়ি জোনের নজরে আসে। জোন কর্তৃপক্ষের তাৎক্ষণিক তত্ত্বাবধানে শুরু হয় ঘরটির মেরামত ও সংস্কার কাজ। প্রয়োজনীয় সংস্কার শেষে আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) নতুন ও নিরাপদ ঘরটি আনুষ্ঠানিকভাবে রিমন চাকমার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নতুন ঘর ও নিরাপদ আশ্রয় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিমন চাকমা ও তার পরিবার। তারা জানান, এই বিপদের দিনে সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকরী সহায়তা তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এজন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি এলাকার আর্ত-মানবতার সেবায় এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন সূত্রে জানানো হয়েছে।




















