খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম পাহাড়ি জনপদ নগুরামপাড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহ ও এর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এক প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগুরামপাড়া পাড়াকেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের স্পেশালিষ্ট অনিরুদ্ধ কুমার সরকার। জাবারাং কল্যাণ সমিতির মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর উসুইহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাড়া কার্বারী ধনী কুমার ত্রিপুরা।
হেলেন কেলার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতা এবং ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সভাটির আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি।
সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে শুধু নিরাপদ পানির ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয় না; বরং এর সুষ্ঠু পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অপচয় রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেকোনো কারিগরি ত্রুটি দ্রুত শনাক্ত করে তা মেরামতের মাধ্যমেই দীর্ঘদিন সুফল পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় পাড়াবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।




















