খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে তিন সপ্তাহব্যাপী ‘মোবাইল রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
মহালছড়ি জোনের আয়োজনে এবং সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই কোর্সে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের স্থানীয় বেকার তরুণরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বর্তমান যুগে টিকে থাকতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও বাস্তব দক্ষতাকে কাজে লাগিয়ে এই তরুণরা শুধু নিজেদের আত্মনির্ভরশীলই করবে না, বরং সমাজের উন্নয়নেও ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে মহালছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণার্থীরা এমন একটি বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার জন্য মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















