পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী ‘মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) ও নার্সিং প্রশিক্ষণ’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার আলম, পিএসসি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি—মোট ৬৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। জুরাছড়ি জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হয়। এতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের যত্ন, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে পার্বত্য এলাকার নারী ও শিশুরা প্রায়ই সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে বাধার সম্মুখীন হন। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় প্রশিক্ষণার্থীরা নিজ নিজ পরিবার ও সমাজে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



















