এক রাতের আকস্মিক সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৭টি পরিবারের স্বপ্ন ও সাজানো সংসার। সর্বস্ব হারিয়ে শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এসব দুর্গত মানুষের পাশে ত্রাতা হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবান সদর জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাতের হঠাৎ লাগা আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ১৭টি বসতবাড়ি। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। শীতের এই সময়ে মাথা গোঁজার ঠাঁই ও পরনের কাপড়টুকুও রক্ষা করতে পারেননি তারা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বান্দরবান সদর জোন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন এবং তাদের প্রাথমিক কষ্ট লাঘবের অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সেনাবাহিনীর এমন দ্রুত সহযোগিতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তারা জানান, এই বিপদের দিনে সেনাসদস্যদের পাশে পাওয়াটাই তাদের সবচেয়ে বড় সান্ত্বনা।
বান্দরবান সদর জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে সাধারণ মানুষের পাশে থাকতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।



















