“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে শারীরিক সক্ষমতা যাচাই (পিইটি) প্রক্রিয়া শুরু হয়।
মাঠপর্যায়ে এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করা হয়। এর মধ্যে ছিল ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এবং ফেস ডিটেকশন কার্যক্রম। নির্ধারিত মানদণ্ড ও নিয়মাবলি অনুসরণ করে প্রতিটি ধাপে প্রার্থীদের সক্ষমতা ও উপযুক্ততা যাচাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মোঃ আসলাম শাহাজাদা।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পিপিএম-সেবা এবং রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। পাশাপাশি বান্দরবান পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেন।
নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক তদারকি করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা। পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্টরা সচেষ্ট ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বাছাই করাই এ নিয়োগ কার্যক্রমের মূল লক্ষ্য।















