খাগড়াছড়িতে আবারো বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে এটি ‘হাঁসপা’ নামে পরিচিত। এ ঘটনায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারানখাইয়া এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজি থেকে বিপন্ন প্রজাতির তক্ষকটি উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি। পাচারের উদ্দেশ্যেই প্রাণীটি বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানিয়েছে, আটককৃত দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।















