ছাত্রদল নেত্রী সায়র চন্দ্রা চাকমার দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশ আটক করেছে।
রাঙামাটিতে তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়র চন্দ্রা চাকমার দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
দুপুরে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। তবে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, বেলা ২টা ৩৪ মিনিটে জেলা পরিষদের সামনে সাদা পোশাকধারীদের সাথে কথা বলার পর সৈকত রঞ্জন নিজেই একটি সাদা মাইক্রোবাসে গিয়ে ওঠেন।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখা তাকে হেফাজতে নিয়েছে। এছাড়া কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীন জানান, একই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।




















