খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিস্তীর্ণ এলাকার বীজতলা ও আমন ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। কৃষকদের এই সংকট কাটিয়ে উৎপাদনে ফেরাতে সরকার বিনামূল্যে চারা বিতরণের এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন—প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর। কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
সময়মতো এই সরকারি প্রণোদনা ও উন্নতমানের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তারা দ্রুত জমিতে এই চারা রোপণ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন।




















