গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট লক্ষীছড়ি জোনের বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে এসব কাঠ ও বাঁশ জব্দ করা হয়, যা পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর জোরালো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়েছে।
লক্ষীছড়ি জোনের সুনির্দিষ্ট ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে অভিযানকালে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে অবস্থিত ধুরুং খাল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি কাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ১৬-১৭ লক্ষ টাকা।
অসাধু চক্রের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ি বনাঞ্চল নিধনের মাধ্যমে এই কাঠ ও বাঁশগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অবৈধ কাঠ ও বাঁশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনীর এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















