রাঙামাটি সদর উপজেলার ডিসি অফিস এলাকা থেকে আশিকুল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ঘটনার দুই দিন পার হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। এ ঘটনায় ছেলের সন্ধান চেয়ে রাঙামাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড় ১১টার দিকে রাঙামাটি শহরের ৮ নম্বর ওয়ার্ডের ডিসি অফিস এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আশিকুল। সে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিখোঁজ আশিকুলের বাবা আব্দুল কাদির ও মা মোছা. আছমা আক্তার মরনা জানান, আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি তারা। সন্তানকে সুস্থ অবস্থায় দ্রুত ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। এ বিষয়ে রাঙামাটি সদর থানার পুলিশ জানায়, সাধারণ ডায়েরি নথিভুক্তের পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি আশিকুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে সরাসরি তার বাবা আব্দুল কাদিরের সাথে ০১৫৫৬৬৪২৭৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পরিবার।
















