খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্রে ফের নাশকতা কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে (জিপে) গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজ ভোরে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় অবস্থিত কেএসটিসি হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক ও পরিবারের দাবি—আজ ভোর ৪টার দিকে সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে গাড়িতে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এর মালিক ও সংশ্লিষ্ট পরিবারটি।
কে বা কারা এই নাশকতার সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও গাড়িচালকদের মধ্যে চরম অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় চালক সমাজ।



















