খাগড়াছড়ির রামগড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের বিকট শব্দ ও এর জলকানিতে আতঙ্কিত হয়ে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের পাশের একটি গাছে এই বজ্রপাত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালীন হঠাৎ এই আকস্মিক ঘটনায় পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে চতুর্থ শ্রেণির পাশেই বজ্রপাত হওয়ায় ওই কক্ষের শিক্ষিকা ও শিক্ষার্থীরা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। বজ্রপাতের জলকানিতে তাঁদের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অন্ত বড়ুয়া জানান, হাসপাতালে নিয়ে আসার পর আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক থাকায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



















